ইত্তেফাক রিপোর্ট
দেশের দুই পুঁজিবাজারে সূচকের উত্থান লক্ষ করা গেছে। গতকাল মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৪ পয়েন্ট। বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৯৫ পয়েন্ট। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ৩৫২টি কোম্পানির ১৪ কোটি ৮৫ লাখ ১৫ হাজার ৬৬৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৫৭৮ কোটি ৬৮ লাখ ৪৪ হাজার ৬৩৭ টাকা, যা রবিবারের তুলনায় ৯৪ কোটি টাকা বেশি। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪৪ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ৫৪৭৫ দশমিক ৯৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২০ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১৯২১ দশমিক ৮৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১২ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে ১২৪৪ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২৪টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার।
ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল, ইউনাইটেড পাওয়ার, জেএমআই সিরিঞ্জ, বিবিএস কেবলস্, স্কয়ার ফার্মা, খুলনা পাওয়ার কোম্পানি, বাংলাদেশ শিপিং করপোরেশন, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন হাউজিং, নিউলাইন ক্লোথিং ও ডরিন পাওয়ার। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো, কাশেম ইন্ডা., গ্লোবাল ইন্স্যুরেন্স, সোনালি আঁশ, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, নিউলাইন ক্লোথিং, জেমীনি সি ফুড, জেএমআই সিরিঞ্জ, আরামিট লি., জাহিন স্পিনিং ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স।
অপরদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৭৭৩ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৫টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।
