কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের তাড়াইলে চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় মানসিক প্রতিবন্ধী যুবককে নির্যাতনের অভিযোগে সাজ্জাদ হোসেন হিটলারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে কিশোরগঞ্জের ৬নং জিআর আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ওবায়দা খান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে সাজ্জাদ হোসেন হিটলারের পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান।
গত ৬ জুন সকালে তাড়াইল উপজেলার দড়িজাহাঙ্গীরপুর গ্রামের অবসরপ্রাপ্ত কাস্টম কর্মকর্তা মোখলেসুর রহমান খান সাহানের নির্দেশে ও তার উপস্থিতিতে তার বাড়ির আঙ্গিনায় পার্শ্ববর্তী শামুকজানি গ্রামের কেন্তু মিয়ার ছেলে মানসিক প্রতিবন্ধী মোশাররফ হোসেনকে কথিত চুরির অভিযোগে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় বেধড়ক পেটানো হয়। নির্যাতনের ভিডিওচিত্র বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ব্যাপারে মোশাররফের বড়ভাই মো. সাদ্দাম হোসেন ঐ বাড়ির কেয়ারটেকার সাজ্জাদ হোসেন হিটলার, তার সহযোগী আলম ও বাড়ির মালিক মোখলেসুর রহমান খান সাহানসহ অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করে তাড়াইল থানায় একটি মামলা করেন। ঐ দিনই সাজ্জাদ হোসেন হিটলারকে আটক করে পুলিশ। তাড়াইল থানার ওসি মো. মুজিবর রহমান জানান, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
