আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রি কলেজে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে অপহূত এক কলেজ ছাত্রীকে ২১ দিন পর সোমবার উপজেলার কুশাবাড়ী এলাকা থেকে পুলিশ উদ্ধার করেছে। তবে এ সময় অপহরণকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলার তদন্ত অফিসার এসআই মিনার আলী উদ্ধারের কথা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের তত্পরতা চালানো হচ্ছে।
উল্লেখ্য, গত ২০ মে দুপুর ১টার সময় ওই কলেজ ছাত্রী পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে কলেজ গেটের সামনে রাস্তায় পৌঁছলে তার মুখ চেপে সিএনজিযোগে অপহরণ করা হয়।
ওসি মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা দায়ের হয়েছে। কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে তার মেয়েকে উত্ত্যক্তকারী তালশন গ্রামের সাকিল, তার বাবা সেলিম ও মা শিরিনের বিরুদ্ধে মামলাটি করেছেন।
