লাউকাঠীর খেয়াঘাট নদীতে ব্রিজ নির্মাণ দাবিতে বিক্ষোভ

আপডেট : ১১ জুন ২০১৯, ২১:৩৭

পটুয়াখালী প্রতিনিধি

লাউকাঠী ও মৌকরন ইউনিয়নসহ দুমকি উপজেলার তিন লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের দাবি লাউকাঠী খেয়াঘাট সংলগ্ন নদীতে ব্রিজ নির্মাণের। এই দাবিতে মঙ্গলবার পটুয়াখালী শহরে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। পরে তারা একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি পেশ করেন।

সকাল ১০টায় শহীদ আলাউদ্দিন শিশু পার্ক থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে মিছিল শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলতাফ হোসাইন মাস্টার, মো. আতাহার উদ্দিন, সুভাষ চন্দ্র নাগ, সাইদুল ইসলাম, কাজী দেলোয়ার হোসেন দিলিপ প্রমুখ। পরে তারা প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর কাছে পেশ করেন।