আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত এবং জোর করে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করার প্রতিবাদ করায় বখাটেদের হামলায় ওই ছাত্রীর বাবা-মা ও দুই চাচি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই ঘটনায় দায়ের করা মামলায় বখাটে ও তাদের বাবাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, উপজেলার সুজনকাঠী গ্রামের জাকির হোসেন বেপারীর মেয়ে ও সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণির ছাত্রী শারমিন আক্তারকে স্কুলে যাওয়া-আসার পথে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছিল একই এলাকার আলতাফ মোল্লার ছেলে আশিক ওরফে লাদেন মোল্লা। সম্প্রতি আশিক জোরপূর্বক ওই ছাত্রীর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। সোমবার বিকেলে ছাত্রীর বাবা জাকির বেপারী ও মা শাপলা বেগম আশিককে ছবি তোলার ঘটনা জিজ্ঞাসা করায় আশিক তাদের মারধর করে আহত করে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
