খুলনায় ইজিবাইক চালকের লাশ উদ্ধার, আটক ৩

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৬:৪৩

খুলনায় নয়ন (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গার আলীর ক্লাব সংলগ্ন দারুস সালাম মসজিদের পাশে পরিত্যক্ত জমি থেতে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবক পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, আলীর ক্লাব এলাকার মানিকের ছেলে হৃদয়, দুলালের ছেলে পারভেজ ও শহীদুলের ছেলে নয়ন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে নয়ন ইজিবাইক নিয়ে বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী থেকে বের হয়। রাত সাড়ে ৯টার দিকে নিহতের মামাতো ভাই মো. আশিক তাকে ফোন দেয়। তখন বিপরীত দিক থেকে জানানো হয়, ১২ মিনিট পরে দেখা করছি। এরপর ফোন দিলে রিসিভ করে কোনো উত্তর দেওয়া হয়নি। রাতে বাড়ি ফিরে না আসায় বিভিন্ন স্থানে তার খোঁজ নেওয়া হয়।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে আলীর ক্লাব সংলগ্ন দারুস সালাম মসজিদের পাশে ডোবার মধ্যে এক নারী নয়নের পা দেখে চিৎকার করতে থাকে। পরে ওই এলাকার মানুষ থানায় খবর দিলে তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ  করে পুলিশ।

এদিকে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে সোনাডাঙ্গা ও হরিণটানা থানা পুলিশ ৩ জনকে আটক করেছে।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ৩টার দিকে হৃদয় ও নয়ন নামের দুই যুবক ইজিবাইক চালিয়ে ময়ূর আবাসিক প্রকল্প ও  ব্রিজ পার হচ্ছিল। তাদের দেখে পুলিশের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করে। তারা ইজিবাইক ছিনতাইয়ের ঘটনাটি স্বীকার করে। কিন্তু হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেনি। পরে বিষয়টি জানতে পারলাম।

ইত্তেফাক/এমআর