চলতি মৌসুমে পাইকগাছায় কাগজি লেবুর ভালো ফলন হয়েছে। এদিকে বাজারে লেবুর দাম কম থাকায় বাগান মালিক ও ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ছড়ানো ছিটানোভাবে প্রায় ২২ হেক্টর জমিতে কাগজি লেবুর চাষ হয়। সব মিলিয়ে উপজেলায় ৫ হাজারের ওপর লেবুর গাছ আছে। উপজেলার গদাইপুর, হরিঢালী, কপিলমুনি ও রাড়ুলী ইউনিয়নে আংশিক এলাকায় লেবুর বাগান রয়েছে।
গদাইপুর ইউনিয়নের মটবাটি, হিতামপুর, গদাইপুর ও গোপালপুর গ্রামে বাণিজ্যিকভাবে লেবুর বাগান গড়ে উঠছে।
চেচুয়া গ্রামের লেবু ব্যবসায়ী আবুল কাশেম, আব্দুর রহিম জানান, এ বছর লেবুর ব্যবসা খুব খারাপ যাচ্ছে। তারা বাগানের মালিকের কাছ থেকে প্রতিটি লেবু ৫০-৭৫ পয়সা দরে কিনেছেন। এ বছর স্থানীয় বাজারেও চাহিদা নেই লেবুর। এলাকার হাটবাজারে ছোট লেবু এক টাকা ও বড় লেবু দুই টাকা দরে বিক্রয় হচ্ছে।
মটবাটি গ্রামের লেবু বাগান মালিক আব্দুল করিম বলেন, লেবুর চাহিদা নেই, দামও কম।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম জানান, পাইকগাছা উপকূলের এ এলাকা লবণাক্ত হওয়ায় তিন/চারটি ইউনিয়নে কাগজি লেবু আবাদ হয়। খেতের আইলের পাশাপাশি বাণিজ্যিক ভিত্তিতে লেবু বাগান হচ্ছে।
