বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের প্রতিচ্ছবি: ইবি উপাচার্য

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ২১:০৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের প্রতিচ্ছবি ও গরীবের অনুভূতি। যারা বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে তারা শুধু তাকেই মেরে ফেলেনি তারা গোটা দেশকে মেরে ফেলেছে, ক্ষতবিক্ষত করেছে।

রবিবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  

প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, আগস্ট মাস অনুতাপের মাস, অনুশোচনার মাস। একজন মানুষ রাজনৈতিক ভাবে বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী হতে পারে কিন্তু বঙ্গবন্ধুর প্রকৃত ইতিহাস জানলে এমন কোন মানুষ নেই যে তাকে অস্বীকার করতে পারবে। 

তিনি বলেন, আমি শিক্ষার্থীদের বলবো তোমরা বঙ্গবন্ধু সম্পর্কে বেশি বেশি পড়াশোনা করবে তাহলে বাংলাদেশের সাথে বঙ্গবন্ধু কতটা সম্পর্কিত এবং দেশের মানুষের জন্য তার আত্মত্যাগ ঠিক কতটুকু তা জানতে পারবে।

আলোচনা সভায়, খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. ইয়াসমিন আরা সাথীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য প্রফেসর ড. মাহবুবুর রহমান।

হলের আবাসিক শিক্ষিকা মাহবুবা সিদ্দিকার সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. মিয়া মো. রাসিদুজ্জামান, শেখ রাসেল হলের প্রভোস্ট প্রফেসর ড. দেবাশীষ শর্মা, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আসাদুজামান প্রমুখ।

এদিকে, আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুকে নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইত্তেফাক/এআই