বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশ

আপডেট : ১১ জুন ২০১৯, ২২:২২

বাংলাদেশ দল

আশরাফুল রানা, ইয়াসিন, বিশ্বনাথ, রহমত মিয়া, টুটুল হোসেন বাদশা, জামাল ভুঁইয়া (অধিনায়ক), বিপলু (ইব্রাহিম), মামুনুল, রবিউল হাসান (সোহেল রানা), মাসুক মিয়া জনি (সুফিল), জীবন।

রেফারী ঃ ফাইজুলিন তিমুর (কিরগিজস্তান)।

 সোহেল সারোয়ার চঞ্চল

অ্যাওয়ে ম্যাচে জিতে বাংলাদেশ দল যেভাবে ফুটবল-দর্শকদের মুখে হাসি ফুটিয়েছিলেন ঘরের মাঠে সেটা করতে পারলেন না জামাল ভুইয়া, রবিউল হাসান, বিপলু, জনি, জীবনরা। নিজের ঘরের মাঠে প্রত্যাশার আলো ফেলবে। লাওসকে হারিয়ে বাংলাদেশ ২০২২ কাতার বিশ্বকাপ বাছাই এবং ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে ঢুকবে। সেটা হয়নি। লাওসের বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ রাউন্ড টু পর্বে উঠল। আগের খেলায় ৩ পয়েন্ট কালকের খেলায় ১ যোগ হয়ে ৪ পয়েন্ট নিয়ে বাছাইয়ের দ্বিতীয় পর্বে বাংলাদেশ। দ্বিতীয় ধাপের বাছাইয়ে ১২ দেশের মধ্যে ছয় দেশ উঠবে। সেখানে থাকল বাংলাদেশ। এই বাছাইয়ের ছয় দেশের সঙ্গে ওপরের ৩৬ দেশ যুক্ত হয়ে ৮ গ্রুপে খেলবে। বাংলাদেশ সেখানে ৮ ম্যাচ পাবে। এটাই এখন বাংলাদেশের ফুটবলের বড় প্রাপ্তি।    

লাওসের মাঠে ভালো না খেলেও জয় পেয়েছিল। আর নিজেদের ঘরের মাঠে ফিরতি ম্যাচে ভালো খেলেও জয় পেল না বাংলাদেশ।  খেলার প্রথমার্ধেই সমর্থকদের মুখে হসি ফোটাতে পারতেন জীবনরা। গোলের একাধিক সুযোগও এসেছিল তাদের সামনে। কিন্তু সেই সুযোগগুলো ছোট ছোট বুদ্ধিমত্তার অভাবে কাজে লাগানো গেল না। লাওস গোলকিপার জাইবাথকে একা পেয়েও গোল করতে পারেনি। জালে বল রাখার মতো সুযোগ নষ্ট করেছেন জীবন। একবার নয়, কয়েকবার সুযোগ পেয়েও গোলে পরিণত করতে না পারার দায় আবাহনীর এই স্ট্রাইকারের। দুই প্রান্ত থেকে বল পড়েছিল মাঝখানে। রবিউলের থ্রো পড়েছিল লাওসের ছোট বক্সে। জামাল ভুইয়ার ফ্রিকিকের বল ইয়াসিন পৌঁছাতে পারেননি বলে। লাওসের ডিফেন্ডারের ভুলে বল পেয়ে জীবন সে সুযোগ নিতে পারেননি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে হাজারদশেক দর্শক তাতিয়ে উঠছিলেন। গোলের আশায় আর্তনাদ উঠল। জীবন যেন সবার কাছে ভিলেন হয়ে গেলেন। একের পর এক মিস। দ্বিতীয়ার্ধে লাওস গোলকিপারকে একা পেয়েও হেড করে গোলকিপারের হাতে বল তুলে দেন জীবন। শেষ দিকে জীবনের থ্রু থেকে বদলি নামা সুফিলও বল বাইরে ঠেলে দিলেন। বদলি খেলতে নামা সোহেল রানা দারুণ একটা বল বানিয়ে দিলেন। ইব্রাহিম হেড করলেন বাইরে। চাতক পাখির মতো একটা গোলের অপেক্ষায় থাকা বাংলাদেশের দর্শক দেশের পতাকা হাতে উশখুশ করছিলেন। কিন্তু কারো মুখে গোলের আনন্দটা দিতে পারেননি। লাওসের মাঠে ভালো না খেলে জিতেছিল। আর ঢাকার মাঠে ভালো খেলেও জিতল না বাংলাদেশ। তার পরও সান্ত্বনা বাংলাদেশের টার্গেট পূরণ হয়েছে।

বাংলাদেশ : আশরাফুল রানা, ইয়াসিন, বিশ্বনাথ, রহমত মিয়া, টুটুল হোসেন বাদশা, জামাল ভুইয়া (অধিনায়ক), বিপলু (ইব্রাহিম), মামুনুল, রবিউল হাসান (সোহেল রানা), মাসুক মিয়া জনি (সুফিল), জীবন। রেফারি : ফাইজুলিন তিমুর (কিরগিজস্তান)।