কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ে গুরুতর আহত হয়েছেন রোগীকে সেবা দিতে আসা এক নারী।
শনিবার দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি মালেকা খাতুনকে সেবা দিতে এসে রোগীর অ্যাটেন্ডেন্ট বানু খাতুন এই দুর্ঘটনার শিকার হন। মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি এখন হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। তার থুতনিতেও দেওয়া হয়েছে তিনটি সেলাই। চিকিৎসকরা তার অবস্থা শঙ্কামুক্ত জানালেও তিনি ঠিকমতো কথা বলতে পারছেন না। এছাড়া তার চোয়ালের দুই পাশ লেগে আসছে এবং ঠিকমতো খেতেও পারছেন না তিনি- জানালেন আহত বানু খাতুনের ছেলে আসিবুর রহমান।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবদুল মোমেন বলেন, এটি নিছক দুর্ঘটনা। সিলিং ফ্যানটা ছিল অনেক পুরোনো। হাসপাতালের প্রতিটি ফ্যান চেক করানোর জন্য গণপূর্ত বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ১০ মার্চ এই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ছাদের পলেস্তারা খসে পড়ে এক চিকিৎসক ও একজন নার্স আহত হয়েছিলেন।
