খুলনায় একটি ওয়ান শুটারগানসহ রাজু শেখ (৩২) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (১৪ আগস্ট) রাত পৌনে ১১ টার দিকে তেরখাদা দক্ষিণপাড়া নতুন বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (১৫ আগস্ট) দুপুরে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার লে.কমান্ডার মো. সরোয়ার হুসাইন জানান, র্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার তেরখাদা থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সন্ত্রাসী কার্যক্রমের জন্য অবস্থান করছে বলে জানতে পারে। আভিযানিক দলটি রাত পৌনে ১১ টার দিকে তেরখাদা থানাধীন দক্ষিণপাড়া নতুন বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো. রাজু শেখকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
অনুসন্ধানে জানা যায়, গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইনসহ একাধিক মামলা রয়েছে। জব্দকৃত আলামতসহ রাজু শেখকে তেরখাদা থানায় হস্তান্তর ও তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
