বর্ষা মৌসুম প্রায় পার হয়ে গেলেও নরসিংদীর মনোহরদীতে ভারী বৃষ্টির দেখা মেলেনি। অন্য দিকে কড়া রোদে জমি ফেটে চৌচির হয়ে রয়েছে। এত দিন বৃষ্টির অপেক্ষায় থাকলেও অবশেষে ডিজেলচালিত সেচযন্ত্রের মাধ্যমে জমিতে পানি দিয়ে আমন ধানের চারা রোপণ করতে শুরু করেছেন কৃষকরা।
তারা জানান, এতে আমন উৎপাদন খরচ বেড়ে যাবে। কাঙ্ক্ষিত দাম না পেলে ব্যাপক লোকসান গুনতে হবে।
উপজেলার চন্দনবাড়ী গ্রামের কৃষক মো. নূরল ইসলাম বলেন. ‘মেঘ নাই, খেত লাগাইতে পারি নাই। অহনে মিশিনে পানি দিয়া খেত লাগাইছি।’
সেচযন্ত্রের মালিক কৃষক মো. কাশেম পাগলা বলেন, ‘মেঘ বৃষ্টি নাই। এইবার পানির খুব অভাব। সেচের পানি ছাড়া জমি লাগান যাইব না। এক বিঘা জমিতে এক বার পানি দিলে ৭০০ টাকা লাগে। তেলের দাম খুব বেশি হওয়ায় খরচও বেশি।’ এ চিত্র পুরো উপজেলার।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসের সিনিয়র কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, এবার উপজেলায় আমন চাষযোগ্য জমির পরিমাণ ১০ হাজার ৫৬০ হেক্টর। এ বছর অনাবৃষ্টির কারণে জমিতে পানি না থাকায় আমন চারা রোপণ করতে দেরি হয়েছে। এ পর্যন্ত মাত্র ২০ শতাংশ জমিতে আমন রোপণ করতে পেরেছেন কৃষকরা। এখন সেচের মাধ্যমে জমি তৈরি করে রোপা আমন চাষ করছেন তারা।
