কিশোরগঞ্জে সৎ কন্যার জামাতাকে হত্যার দায়ে আবু বক্কর নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (১৭ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ সায়েদুর রহমান খান আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন। একইসঙ্গে আসামিকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডিত আসামির বাড়ি কিশোরগঞ্জ পৌরসভার পূর্ব তারাপাশা এলাকায়।
মামলার বিবরণে জানা যায়, আবু বক্করের সৎ কন্যা শারমিন আক্তারকে ধর্মান্তরিত হয়ে বিয়ে করে জেলা শহরের বত্রিশ জেলা স্মরণী এলাকার বাসিন্দা রূপক চন্দ্র বণিক। ধর্মান্তরিত হওয়ার পর তার নাম রাখা হয় ওমর ফারুক। কিন্তু এই বিয়ে মেনে নিতে পারেনি আবু বক্কর। ২০১৯ সালের ৩০ মে দুপুরে ওমর ফারুক তার স্ত্রীর খোঁজে শ্বশুর বাড়িতে গেলে প্রথমে উভয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে ওমর ফারুককে ধাওয়া করে দা দিয়ে কুপিয়ে হত্যা করে আবু বক্কর। এই ঘটনায় ওইদিনই শারমিন বাদী হয়ে তার সৎ বাবার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতার হওয়ার পর আবু বক্কর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
