বিএনপির আরেক নাম বাংলাদেশ নালিশ পার্টি: কাদের

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ২০:২০

বিএনপির আরেক নাম ‘বাংলাদেশ নালিশ পার্টি’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সেতু মন্ত্রী বলেন, ‘বিএনপির মহাসচিব একবার জাতিসংঘে গিয়ে প্রধান কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরেছেন, কিন্তু কারো সঙ্গে দেখা করার সুযোগ পাননি। নিচের দিকের কেরানিদের সঙ্গে বৈঠক করে নালিশ করে এসেছেন। বিএনপির আরেক নাম ‘বাংলাদেশ নালিশ পার্টি’। এদের কাম বিদেশিদের কাছে বাংলাদেশের বদনাম করা।’

বুধবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে এ বিক্ষোভ সমাবেশ হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল বাচেলেট বাংলাদেশ সফরে এসছেন। মির্জা ফখরুল তাকে বলেছেন তাদের নেতাকর্মীরা গুম হয়েছে, এই ঘটনার নিন্দা যেন তিনি করেন। কিন্তু এই নালিশের বিচার করার এখতিয়ার মিশেল বাচেলেটের নেই। এটা ফখরুল সাহেব জানেন না।’

বন্দুকের নল থেকে আওয়ামী লীগের জন্ম হয়নি উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক বলেছেন, ‘রাজপথ থেকেই আওয়ামী লীগের জন্ম হয়েছে। খেলা হবে, খেলা। রাজপথে মোকাবিলা হবে।’

ইত্তেফাক/হাসিব/মাহি