মেধাবীদের অংশগ্রহণে প্রতিযোগিতা ‘ব্যাটেল অব মাইন্ডস’-এর ১৯তম সংস্করণ সফলভাবে সমাপ্ত হয়েছে। কয়েক মাসব্যাপী বেশ কিছু রাউন্ডে চ্যালেঞ্জ মোকাবিলার পর এবার চলতি বছরের চ্যাম্পিয়নদের নাম ঘোষণা করা হয়েছে।
রাজধানীর এক অভিজাত হোটেলে বুধবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত বর্ণাঢ্য গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণকারী অপর চার দলকে হারিয়ে চূড়ান্ত বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র দল ড্রোগো। বিজয়ী দলে রয়েছেন সৈয়দ শাদাব তাজওয়ার, তাসমিম সুলতানা নওমী ও সাদীদ জুবায়ের মোরশেদ।
প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছে যথাক্রমে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর দল স্ট্রেঞ্জার্স (ফাইয়াজ লাবিব, নাফিস কাজী ও শাফকাত তানজীম আহমদ) এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দল রক, পেপার সিজর্স (মাশরুর আহমেদ জিদান, আদিলা আহমেদ ও তানভীর সিফাত)।
অন্য ২৬টি দেশের সঙ্গে বাংলাদেশকে বৈশ্বিক প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব করার লক্ষ্যে এবছর ২০টি বিশ্ববিদ্যালয়ের ১ হাজারের বেশি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বৈশ্বিকভাবে বিজয়ী দলটি তাদের ব্যবসায়িক উদ্যোগের জন্য প্রাথমিক তহবিল বা সিড ফান্ডিং লাভ করবে।
গ্র্যান্ড ফিনালে উপস্থিত থেকে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘নতুন প্রজন্মের মেধার পরিচর্যায় এই ধরনের ট্যালেন্ট প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা অনেক। তরুণদের দক্ষ পেশাদার হিসেবে গড়ে তুলতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনীম, মানবসম্পদ বিভাগের প্রধান সাদ জসীমসহ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
প্রসঙ্গত, ২০০৪ সাল থেকে বিএটি বাংলাদেশ দেশজুড়ে এই ট্যালেন্ট প্ল্যাটফর্মের আয়োজন করে আসছে। করোনা মহামারির কারণে বিগত দুই বছর এই প্রতিযোগিতা ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়। তবে এবছর র্যাডিসনে ‘ব্যাটেল অব মাইন্ডস’ ফিরে এসেছে নিজস্ব আমেজে।
