নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারের কাছে কপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত

আপডেট : ১২ জুন ২০১৯, ০০:৪৬

নিউইয়র্ক সিটির ব্যস্ততম এলাকা ম্যানহাটনে অবস্থিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন ট্রাম্প টাওয়ারের কাছে ৫৪ তলা ভবনের ছাদে একটি প্রাইভেট হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলট নিহত হয়েছেন। ঘন কুয়াশা ও বৃষ্টির মধ্যে জরুরি অবতরণ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সময় সোমবার দুপুর দুইটার দিকে টাইমস স্কয়ার ও ট্রাম্প টাওয়ারের কাছে অবস্থিত সেভেন্থ অ্যাভিনিউয়ের এক্সএ অ্যাক্যুইট্যাবল সেন্টারের ছাদে ওই হেলিকপ্টারটি আছড়ে পড়ে। এর আগে পাইলট হেলিকপ্টারটিকে জরুরি অবতরণের চেষ্টা করছিলেন।

তবে এই দুর্ঘটনায় ভবনে অবস্থানরত কেউ ক্ষতির শিকার হননি। তাত্ক্ষণিকভাবে ভবনটির বিভিন্ন দপ্তরের কর্মীদের নিচে নামিয়ে নেওয়া হয়। নিহত পাইলট টিম ম্যাককরম্যাক ফায়ার সার্ভিসের সাবেক স্বেচ্ছাসেবক। দুর্ঘটনার পর আশ-পাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। অ্যাক্যুইট্যাবল সেন্টারে অবস্থানরত অনেকেই মনে করেছিলেন, ভবনে কোনো সন্ত্রাসী হামলা হয়েছে। পরে পুলিশ তাদের আশ্বস্ত করে।