গঙ্গাচড়ায় ধান খেতে ঝাঁকে ঝাঁকে বাবুই পাখি

আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৮:৩৫

গঙ্গাচড়ায় আউশ ধান আবাদ করে চরম বিপাকে পড়েছেন কৃষক। এ অবস্থায় আউশ ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন তারা। উপজেলার বিভিন্ন এলাকায় এ বছর ব্রি-৪৮ জাতের আউশ ধানের চাষ করা হয়েছে। ধানে পাক ধরেছে। চালও এসেছে। বাবুই পাখির অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন চাষিরা। ঝাঁকে ঝাঁকে বাবুই পাখি খেয়ে ফেলছে ধান। 

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কেউবা পাখির অত্যাচারে ধানখেত জাল দিয়ে ঢেকে দিয়েছেন। কেউবা খেতের মধ্যে খড়ের মূর্তি তৈরি করেছেন। কেউবা মাচা তৈরি করে টিন বাজিয়ে পাখি তাড়ানোর ব্যবস্থা করেছেন। 

উপজেলার চেংমারী গ্রামের চান মিয়া, রিয়াজুর জানান, পাখির অত্যাচারে আর বাঁচি না। ঝাঁকে ঝাঁকে পাখি আসে। পাখির অত্যাচারে বাধ্য হয়ে জাল কিনে এনে ধান ঢেকে দিয়েছি। অনেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাচায় বসে টিন বাজাতে থাকে। 

ঐ গ্রামের সমসেল, রাজু ইসলাম বলেন, পাখির অত্যাচারে আগেই ধান কেটেছি। 

গঙ্গাচড়া সদর ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার বেলাল হোসেন পাখির অত্যাচারের কথা নিশ্চিত করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, পাখির হাত থেকে রক্ষার জন্য কাকতাড়ুয়াসহ অন্য ব্যবস্থাও করা যেতে পারে।  

ইত্তেফাক/এআই