শিশুর জুতো ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছে হাতি

আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৮:৪৬

একটি চীনা চিড়িয়াখানায় একটি হাতি তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। এক শিশু ঘটনাক্রমে হাতিটির খাঁচায় তার জুতো ফেলে দিয়েছিল। এর কিছুক্ষণ পরেই জুতোটি ফেরত দিয়ে হাতিটি। এই ঘটনায় প্রশংসায় ভাসছে হাতিটি। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটির তার জুতো খাঁচার মধ্যে ফেলে দেওয়ার পরে, হাতিটি তার শুঁড় দিয়ে মুরিয়ে জুতোটি ফেরত দেয়। গত ১৪ আগস্ট পূর্ব চীনের শানডং প্রদেশের ওয়েহাইয়ের চিড়িয়াখানার ঘটেছে এই ঘটনা। এতে সেখানকার অনেক দর্শনার্থীরা হাতিটির অনেক প্রশংসা করেন। 

পরবর্তীতে শিশুটি পুরস্কার হিসেবে হাতিটিকে খাওয়ানোর জন্য এক মুঠো ঘাস দেয়।

চিড়িয়াখানার ব্যবস্থাপনা কর্মীদের একজনের মতে, হাতিটির নাম 'মাউন্টেন রেঞ্জ' ও সে ২৫ বছর বয়সী পুরুষ। তিনি আরও বলেন, হাতিটি খুব বুদ্ধিমান ও দর্শকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ। তার মানুষের সঙ্গে মৌলিক যোগাযোগের দক্ষতা রয়েছে। 

চিড়িয়াখানার এক কর্মকর্তা বলেছেন, এটি একটি এশিয়ান হাতি ও সে প্রতিদিন পানির বোতল তুলতেও সাহায্য করে। অন্য এক কর্মকর্তা জানিয়েছেন, জুতা ফেরত দেওয়ার পুরস্কার হিসেবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ পরের দিন মাউন্টেন রেঞ্জকে বোনাস খাবার দিয়েছিল। 

ইত্তেফাক/এসআর