ভবন নির্মাণের পর ব্যবহারের জন্য অকুপেন্সি সনদ প্রাপ্তি আরো সহজ ও পাওয়ার অব অ্যাটর্নি পূর্বের আইন বহাল রাখার দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সোমবার রাজউক কার্যালয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞার সঙ্গে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (রিহ্যাব) নেতৃবৃন্দের এক বৈঠকে এ দাবি জানায়।
এসময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা বলেন, বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে অকুপেন্সি সনদ এর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে যারা নকশার ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত তলা তৈরি করেছে এবং পার্কিংয়ের জায়গায় দোকানসহ অন্য স্থাপনা তৈরি করেছে তাদের ছাড় দেওয়া হবে না।
সভায় রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল) বলেন, পূর্বে যারা স্থাপনা নির্মাণ করেছেন এবং অনুমোদিত নকশায় সামান্য পরিমাণ ব্যত্যয় করেছেন তাদের সহনীয় আইনের আওতায় জরিমানার মাধ্যমে বৈধতা দেওয়া যেতে পারে।
তিনি বলেন, প্রকল্প শুরুর সময়ে আইনের প্রয়োগ দৃঢ় না থাকায় অনুমোদিত নকশার ব্যত্যয় হয়েছে। ভবন তৈরির পর আইনের দৃঢ় প্রয়োগের প্রেক্ষাপটে অকুপেন্সি সনদ গ্রহণ দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অকুপেন্সি সনদ এর বিষয়ে প্রয়োজনে বিধিমালা সংশোধনের দাবি জানান তিনি। এছাড়া পাওয়ার অব অ্যাটর্নির পূর্বের আইনও বহাল রাখার দাবি জানান তিনি।
এসময় সভায় উপস্থিত ছিলেন, রাজউকের পরিচালক ( এস্টেট ও ভূমি) মোহাম্মদ নূরুল ইসলাম, রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইন্তেখাবুল হামিদ, ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ প্রমুখ।
