ফুলবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক আব্দুল হাকিম (৩৫) ও যাত্রী আশিক আলী (২৩) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজন অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (২৩ আগস্ট) ভোর ৫টার দিকে ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ব্রচারী শিব মন্দির সংলগ্ন এলাকায়।
নিহত আব্দুল হাকিম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাটকাটি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং আশিক আলী দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওদাপাড়া ডাঙ্গাপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে দিনাজপুর গামী একটি যাত্রীবাহী বাস দিনাজপুর যাওয়ার পথে ফুলবাড়ীর ব্রক্ষচারী শিব মন্দির সংলগ্ন এলাকায় আসলে অপরদিক থেকে আসা ভুট্টা বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস ও ট্রাকটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এঘটনায় বাস চালক হাকিম ও বাসযাত্রী আশিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। খরব পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহসহ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এসময় কর্তব্যরত চিকিৎসক বাসচালক ও ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।
গুরুত্বর আহত ফুলবাড়ী পৌরএলাকার উত্তর সুজাপুর গ্রামের গহীর মণ্ডলের ছেলে আব্দুল গফুর (৪৬) ও পার্বতীপুর উপজেলার আমবাড়ী (শিবরামপুর) গ্রামের সাজেদুর রহমানের ছেলে ইয়াসির আরাফাতকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়।
ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
