খুলনায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ২১:৪৬

এক সপ্তাহের ব্যবধানে ক্ষমতাসীনদের বিরুদ্ধে দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ করেছে বিএনপি। বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যায় নগরীর দৌলতপুরে বিএনপির পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি শেষে এ হামলার ঘটনা ঘটে। 

খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বুধবার বিকেল ৪টায় দৌলতপুর থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি আহ্বান করা হয়। সন্ধ্যা ৬টার দিকে লাঠিসোটা, রড ও রামদা নিয়ে বিএনপি অফিসে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা অফিসের টেবিল ও অন্তত ৩০টি চেয়ার কুপিয়ে ও লাঠির আঘাতে ভেঙ্গে ফেলে। তাদের সশস্ত্র হামলা, ভাঙচুর, চিৎকার ও গালিগালাজে সমগ্র এলাকায় চরমভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা ঘটনার নিন্দা জানান। তিনি এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার প্রেসব্রিফিং ও পরবর্তী কর্মসূচি দেওয়ার কথা জানান। 

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) মোল্লা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিএনপি কার্যালয়ের সামনে কয়েকটি চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এ ঘটনায় জড়িত সেটি তদন্ত করে দেখা হচ্ছে। 

এর আগে গত বুধবার সন্ধ্যায় নগরীর নিউমার্কেট এলাকায় ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি সমাবেশ কর্মসূচিতে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন বিএনপি নেতারা। 

ইত্তেফাক/জেডএইচডি