বালুটানা ট্রলির ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে যাওয়ার পর সেই ট্রলির চাকায় নিচে প্রাণ হারালো এক বছরের শিশু। বুধবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার হারদী বাজারে দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু মিরপুর উপজেলার মালিহাদ গ্রামের মিন্টু মিয়ার ছেলে জুনায়েদ।
জানা যায়, শিশুটি তার বাবা-মার সঙ্গে মোটরসাইকেলে করে নানা বাড়ি আলমডাঙ্গার বাঁশবাড়িয়া গ্রাম থেকে নিজেদের বাড়ি ফিরছিলো। নিহত শিশুর পিতা মিন্টু মিয়া জানান, দীর্ঘ ১২ বছর অপেক্ষা করার পর তাদের সংসারে জুনায়েদ জন্ম নেয়। তার বয়স এক বছর। তিনি স্ত্রী ও জুনায়েদকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। জুনায়েদ মোটরসাইকেলের পেছনে তার মায়ের কোলে বসা ছিল। এ সময় সামনে থেকে বালু ভর্তি একটি ট্রলি তাদেরকে ধাক্কা দেয়। জুনায়েদ তার মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে। সেই ট্রলিই আবার জুনায়েদকে পিষে দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়।
আরও পড়ুন: শেখর ধাওয়ানের ইনজুরি: ইংল্যান্ড যাচ্ছেন রিশাভ পান্ত
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান মুন্সি জানান, 'মিন্টু মিয়া তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি আলমডাঙ্গার বাঁশবাড়িয়া গ্রাম থেকে বাড়ি যাচ্ছিলেন। এ সময় হারদী বাজারের কাছে বালু টানা একটি ট্রলি তাদেরকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যৃ হয়। পুলিশ ট্রলিটি আটক করে থানা নিয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।'
ইত্তেফাক/জেডএইচডি
