নারায়ণগঞ্জ বন্দরের মদনপুরে ভবন নির্মাণের পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মদনপুর চান মার্কেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নেত্রকোনার পূর্বধলা উপজেলার রামপুর গ্রামের শেখ সাদীর ছেলে হৃদয় (১৮) ও বাচ্চু মিয়ার ছেলে হানিফ (২০)। ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতদের হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী মো. শফিক জানান, তারা একসঙ্গে পাইলিংয়ের কাজ করছিলেন। পাইলিংয়ের গর্তে জমে থাকা পানি সেচের জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে যান হৃদয় ও হানিফ। তখন বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে ঢামেকে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাদের বাঁচানো যায়নি।
সহকর্মী সূত্রে জানা গেছে, তারা বর্তমানে নারায়ণগঞ্জের বন্দরে মদনপুরে থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
