মহাদেবপুরে চলতি রোপা আমন মৌসুমের শুরুতে ডিজেল ও সারের মূল্য বৃদ্ধিতে উৎপাদন খরচ বিঘাপ্রতি ২ হাজার টাকা বেড়েছে। বাড়তি এ খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।
খরার কারণে বৃষ্টিনির্ভর এ ফসল রোপণ করতে হয়েছে সেচ দিয়ে। এছাড়া সরকার বস্তাপ্রতি ইউরিয়া সারের মূল্য ৩০০ টাকা বৃদ্ধি করায় বিপাকে পড়েছে রোপা আমন চাষিরা। ডিজেল ও সারের মূল্যবৃদ্ধিতে প্রতি বিঘা জমিতে রোপা আমন চাষ করতে আগের চেয়ে আরো ২ হাজার বেশি খরচ হচ্ছে বলে কৃষকরা জানান।
কৃষি অফিস জানায়, উপজেলায় এবার ২৮ হাজার ৮৯০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে উফশি জাতের ২৮ হাজার ৫২০ হেক্টর জমি। স্থানীয় জাতের সুগন্ধি ১০ হাজার ৪৪০ হেক্টর, হাইব্রিড ২৩০ হেক্টর। মৌসুমের শুরুতে খরা ও ডিজেল সারের মূল্য বৃদ্ধিতে এ লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ কুমার রায় বলেন, রোপা আমন চাষের জন্য কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে। এ কারণে প্রতিকূল অবস্থাতেও লক্ষ্যমাত্রা অর্জনে কোনো সমস্যা হবে না।
