ভাসানচর থেকে ‘পালানোর সময়’ ১৮ রোহিঙ্গা আটক

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৭:০০

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় ১৮জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১১ টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ ঘাট থেকে তাদের আটক করে পুলিশ। রবিবার (২৮ আগস্ট) কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

আটক রোহিঙ্গাদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ১২ শিশু রয়েছে। তারা হলেন-ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৮৫ নম্বর ক্লাস্টারের তৈয়ব (৩৮), সামসিদা বেগম (৩২), রেন ওয়ান (১৪), তাসমিন আরা (১২), ইয়াসমিন আরা (১০), মো. আনাস (৮), জেসমিন আরা (৬), মো. ইয়াছের (৪), মো. কাওছার (২), শাহারা বেগম (২৭), সুফিয়া (১২), সুমাইয়া (১০), শাবনুর (৬), ৮৬ নম্বর ক্লাস্টারের ইয়াসমিন (৫), আজিজা (১৮), আজিজ খান (১), জাহিদ হোসেন (২২) এবং ৭১ নম্বর ক্লাস্টারের এবাদুল্লাহ (৩০)।  

ভাসানচর। ছবি: সংগৃহীত

স্থানীয়রা জানায়, শনিবার রাতে চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাট সংলগ্ন আলমগীরের দোকান এলাকায় শিশুসহ ১৮জন একসঙ্গে ঘোরাঘুরি করছিলেন। পরে বিষয়টি তাদের সন্দেহ হলে গতিরোধ করে তাদের পরিচয় জানতে চাই। জিজ্ঞাসাবাদে তারা ভাসানচর থেকে পালিয়ে এসেছে বলে স্বীকার করে। পরে উপস্থিত লোকজন তাদের চরএলাহী ইউনিয়ন পরিষদে নিয়ে যায় এবং স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে তারা জানিয়েছে দালালের মাধ্যমে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে ভাসানচর থেকে পালিয়ে এসেছিল। কিন্তু দালালরা তাদের কক্সবাজার বলে চর এলাহীতে নামিয়ে দিয়ে চলে যায়। সকালে তাদের ভাসানচর পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এএএম