ঠাকুরগাঁও ও কক্সবাজারে ১৪৪ ধারা জারি

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৭:৩৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা ও কক্সবাজারের পেকুয়ায় আওয়ামী লীগ ও বিএনপি একই সময়ে একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

ঠাকুরগাঁও প্রতিনিধি জানান: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রবিবার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার নজির এ আদেশ জারি করেন।

এতে উল্লেখ করা হয়, রবিবার (২৮ আগস্ট) পীরগঞ্জ উপজেলায় একই স্থানে ও একই সময়ে দেশের দুটি বৃহত্তর রাজনৈতিক দল (আওয়ামী লীগ-বিএনপি) তাদের নিজ নিজ কর্মসূচি পালনে অনড় অবস্থানে রয়েছে। উভয় দলের কর্মসূচি অব্যাহত থাকলে পীরগঞ্জ পৌর এলাকার বিভিন্ন মোড়ে যান চলাচলের বিঘ্ন সৃষ্টিসহ গাড়ি ভাঙচুর, ব্যক্তিগত ও সরকারি সম্পত্তির ক্ষতিসাধন এবং আইন-শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। 

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে একই স্থানে সভা ডাকায়  ১৪৪ ধারা জারি


কক্সবাজার প্রতিনিধি জানান: একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় কক্সবাজারের পেকুয়ায় ১৪৪ ধারা চলেছে। ১৪৪ ধারা জারির পর নির্ধারিত কর্মসূচি বাতিল করেছে উপজেলা বিএনপি। তবে মাঠে রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নাশকতা ঠেকাতে নেতা-কর্মীদের সঙ্গে সকাল হতে মাঠে রয়েছেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম।

পুলিশ ১৪৪ ধারার আওতাভুক্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমার নেতৃত্বে চলছে টহল।

সাংসদ জাফর আলম বলেন, আমাদের কর্মসূচীর স্থলে বিএনপির বিক্ষোভ সমাবেশ ডাকার কারণে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এতে আমাদের নেতাকর্মী কিংবা বিএনপির নেতাকর্মীরা যাতে অরাজক কোন পরিস্থিতি করতে না পারে সে দায়বোধ থেকে এলাকায় অবস্থান করেছি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী বলেন, শান্তিপূর্ণভাবে ১৪৪ ধারা চলছে। ১৪৪ ধারার আওতাভুক্ত এলাকার কোথাও মিছিল সমাবেশ হয়নি। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও।

ইত্তেফাক/এমএএম