নরসিংদীর মনোহরদীতে পুলিশের ও বিএনপি নেতাকর্মী সংঘর্ষে ঘটনায় ২৭ জন গুলিবিদ্ধসহ ৪০ জন আহত হয়েছে। রবিবার (২৮ আগস্ট) দুপুরে মনোহরদী উপজেলার হেতিমদি-হাবিজপুর সড়কের বাগবেড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, হাবিজপুরে বিএনপির সমাবেশে যোগদানের উদ্দেশ্যে বিএনপি নেতাকর্মীরা সেখানে যাবার সময় পুলিশ তাদের বাধা প্রদান করে। এসময় পুলিশের প্রতি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকলে ১০ জন পুলিশ আহত হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ও টিআরসেল নিক্ষেপ করে। এতে বিএনপির অন্তত ৪০ জন আহত হয়েছে বলে দাবি করেছে বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য সরদার শাখাওয়াত হোসেন বকুল।
সরদার শাখাওয়াত হোসেন বকুল জানান, পূর্ব থেকেই হেতেমদি এলাকায় মনোহরদী উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নিয়ে সেখানে আমরা সমাবেশ করার প্রস্তুতি নিতে ছিলাম। সকাল ১১ টার দিকে বিএনপি নেতাকর্মীরা সমবেত হতে থাকে। তখন তিনি প্রায় ৪/৫ হাজার নেতাকর্মীদের নিয়ে সমাবেশ স্থলে যাওয়ার সময় ছাত্রলীগের কর্মীরা রামদা ও লাঠিসোঠা নিয়ে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়। পাশাপাশি পুলিশও আমাদের লোকজনদের লক্ষ্য করে গুলি ও টিআরসেল নিক্ষেপ করতে থাকে। এতে করে বিএনপির প্রায় ২৭ জন গুলিবদ্ধ ও ১২/১৩ জন কর্মী রামদায়ের কোপে আহত হয়। দুই জনের চোখে গুলি লাগায় তাদেরকে ঢাকার ইসলামীয়া চক্ষু হাসপাতালে পাঠানো হয়। বাকীদের পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, শিবপুর, মনোহরদী ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ উদ্দীন জানান, বিএনপি মিছিল সহকারে সভাস্থলে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে ১০ জন পুলিশ সদস্য আহত হয়। পরে জানমাল রক্ষার্থে বাধ্য হয়ে পুলিশ গুলি ও টিআরসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
