এশিয়া কাপে শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে ফর্মের তুঙ্গেই আছে আফগানিস্তান ক্রিকেটদল। আগামীকাল মঙ্গলবার (৩০ আগস্ট) দুবাইতে তাদের বিপক্ষে সাকিবের নেতৃত্বে খেলতে নামবে বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে তৃতীয় মেয়াদে দায়িত্বে ফেরার পর অধিনায়ক হিসেবে সাকিবের প্রথম ম্যাচ। সুতরাং, এ ম্যাচের আগে সাকিবকে নিয়েই যত কথা। বাংলাদেশের সমর্থক, ভক্তরাতো বটেই- নিরপেক্ষ ক্রিকেট অনুরাগিরাও মনে করেন, সাকিবই পারেন বাংলাদেশকে জেতাতে। তার ব্যাট ও বল হাতে জ্বলে ওঠার ওপরই নির্ভর করবে বাংলাদেশের সাফল্য। তেমনি তিনি প্রতিপক্ষের জন্য বড় হুমকিও। আফগান লেগ স্পিনার রশিদ খান মনে করছেন, বাংলাদেশের এই অলরাউন্ডার দুই দলের মধ্যকার ম্যাচে বড় পার্থক্য গড়ে দিতে পারেন।
শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয় পেলেও বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক রশিদরা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রশিদ বলেন, ‘দেখুন, আগামীকালকের কন্ডিশনটা ভিন্ন হবে। শারজাহর কন্ডিশনটা একটু ভিন্ন। সাকিব এখন দলকে নেতৃত্ব দিচ্ছে। সে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। এটা অবশ্যই তাদের সহায়তা করবে। তার মতো একজন অভিজ্ঞ কেউ দলকে নেতৃত্ব দেয়া মানে অনেকটা পার্থক্য গড়ে দেবে। একইসঙ্গে আমরা কখনই ভাবি না যে কি ঘটছে। এটার কি কারণ। সবকিছুই আসলে একটা প্রসেস, যার মধ্য দিয়ে আপনি যেতে পারেন। ক্রিকেটার হিসেবে আমরা এটা মাথায় নিতে পারি। আমাদের এটাতে মনোযোগ দিতে হবে।’
বাংলাদেশের বিপক্ষে নিজেদের করণীয় নিয়ে রশিদ বলেন, ‘আমরা আসলে আমাদের রোল আর কাজটা জানি। আমরা জানি আগামীকাল কি করতে হবে। এটা এমন কিছু যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ফলাফল কি হবে, কি ঘটবে এগুলো নিয়ে আপনি ভাবতে পারবেন না। আমরা তাদেরকে হারাতে পারবো, আমরা তাদেরকে হারাতে পারবো না। এটা আসলে আমাদের ক্রিকেটারদের হাতে নেই। আমরা শুধু নিজেদের শতভাগ দিতে পারি এবং খেলাটা উপভোগ করতে পারি।’
রশিদ বলেন, “আমি মনে করি, সবাই ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। শ্রীলঙ্কার সাথে আমরা ভালো ক্রিকেট খেলেছি। সেটা গত পরশু ছিল, আগামীকাল নতুন খেলা। আপনারা জানেন, প্রত্যেক খেলার জন্য আমরা আলাদাভাবে প্রস্তুত হই। আমরা অতীত বা ভবিষ্যত নিয়ে ভাবছি না। আমরা একসাথে কেবল একটি ম্যাচ নিয়েই চিন্তা করি।”
রশিদ আরও বলেন, ‘আমার মনে হয় আমরা এমনটা কখনও ভাবি না যে প্রতিপক্ষ দূর্বল বা শক্তিশালী। ক্রিকেটে আপনি এটা বলতে পারবেন না। এটা এমন একটা জিনিস যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এমনকি খেলার ফলাফলও না। আমাদের জন্য সবাই কঠিন প্রতিপক্ষ। আমরা তাদেরকে সিরিয়াসলি নিই।’
