ঐক্য, শৃঙ্খলাবোধ এবং ভ্রাতৃত্ববোধ এই স্লোগানকে সামনে রেখে ফ্রান্সে গোপালগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন-এর ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২৮ আগস্ট) প্যারিসের বাঙ্গালী অধ্যুষিত এলাকা ক্যাথসীমার স্থানীয় একটি হল রুমে ফ্রান্স প্রবাসী গোপালগঞ্জবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মতবিনিময় সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করা হয়। পরে শেখ আল মামুনের পরিচালনায়, শেখ মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শেখ পারভেজ, শেখ টমাস, সোহেল শিকদার, কামরুল কাবুল, রিপন মজুমদার, লিটু ভূঁইয়া, আনিছুর রহমান আনিচসহ আরও অনেকে।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন, এস এম মাসুদ রানা, সাধারণ সম্পাদক শেখ মো. মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক লিপন মোল্লা, কোষাধ্যক্ষ মানব বালা। সংগঠনের প্রধান উপদেষ্টা হয়েছেন বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী।
দায়িত্ব পাওয়া নতুন নেতৃবৃন্দ বলেন, ফ্রান্সে গোপলাগঞ্জ জেলা বাসীকে ঐক্যবদ্ধ করাই তাদের মূল লক্ষ। বিদেশ ভুঁইয়ে একে অপরের পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে এই সংগঠন সবার জন্য কাজ করবে। বিশেষ করে প্রবাসী মৃতদেহ দেশে প্রেরণ বিভিন্ন উৎসব পার্বণে সবাইকে সঙ্গে নিয়ে উদযাপন, ফ্রান্সে আসা নতুন ব্যক্তিকে সঠিক গাইড লাইন ও কাজের ব্যবস্থাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণই হবে এই সংগঠনের প্রধান উদ্দেশ্য।
এসময় নির্বাচিত নতুন নেতৃবৃন্দকে উপস্থিত গোপলাগঞ্জের ফ্রান্স প্রবাসীরা অভিনন্দন জানান এবং তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
