অভিযোগ ভিত্তিহীন দাবি পরিচালকের
এই সিনেমাটিকে নকল প্রমাণ করতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কারের কথাও বলেছিলেন পরিচালক। অথচ মুক্তির পরই বেরিয়ে এলো থলের বেড়াল। সর্বাধিক হলে মুক্তি পাওয়া এই সিনেমাটি ‘দ্য টার্গেট’ শিরোনামের একটি কোরিয়ান সিনেমার নকল বলে প্রমাণ পাওয়া যায়
বিনোদন রিপোর্ট
এবার ঈদে মুক্তি পায় ‘পাসওয়ার্ড’, ‘নোলক’ ও ‘আবার বসন্ত’ শিরোনামে ৩টি সিনেমা। এরমধ্যে মুক্তির আগে থেকেই শাকিব খানের পাসওয়ার্ড সিনেমা নিয়ে বেশ আলোচনা তৈরি হয়। যদিও শাকিবের নোলক সিনেমাটিও ছিল ঈদের ছবির তালিকায়। তবে নোলক নিয়ে শাকিবের আগ্রহের যে কমতি ছিল সেটি নোলক আলোচনায় শাকিবের অনুপস্থিতি প্রমাণ করে। ঈদ উপলক্ষে বিভিন্ন টেলিভিশন টকশোতে শাকিবকে দেখা যায়। সেখানে তাঁর সাথে উপস্থিত ছিল পাসওয়ার্ড-এর টিম। কিন্তু নোলক-এর কোনো প্রচারণায় ছিলেন না তিনি। এমনকি সিনেমাটি নিয়ে উল্লেখযোগ্য কোনো মন্তব্যও ছিল না গণমাধ্যমে। এছাড়া ঈদের আগে নোলক টিম একটি সংবাদ সম্মেলন আয়োজন করে, কিন্তু সেখানেও ছিলেন না শাকিব। পাসওয়ার্ড নিয়ে শাকিবের অন্যতম আগ্রহের কারণ এই সিনেমার প্রযোজক তিনি। তাই শাকিবের মুখের বুলি ছিল শুধুই পাসওয়ার্ড।
আন্তর্জাতিকমানের সিনেমা, বড় বাজেট ও পরিচালক মালেক আফসারী যেন ছিল এই সিনেমা প্রচারণার মূল চাবিকাঠি। এটিকে পুরোপুরি মৌলিক সিনেমা বলে দাবি করেন পরিচালক মালেক আফসারী। শুধু তাই নয়, এই সিনেমাটিকে নকল প্রমাণ করতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কারের কথাও বলেন পরিচালক। অথচ মুক্তির পরই বেরিয়ে এলো থলের বেড়াল। সর্বাধিক হলে মুক্তি পাওয়া এই সিনেমাটি ‘দ্য টার্গেট’ শিরোনামের একটি কোরিয়ান সিনেমার নকল বলে প্রমাণ পাওয়া যায়। এ নিয়ে ক্ষুব্ধ দর্শকরা। হল থেকে বেরিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রতিক্রিয়া জানান তাঁরা। শুধু তাই নয়, গণমাধ্যমের অনুসন্ধানেও দেখা যায় দ্য টার্গেট সিনেমার নকল পাসওয়ার্ড।
যদিও বিষয়টি মানতে নারাজ মালেক আফসারী। তিনি তার ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে কয়েকটি বিষয় তুলে ধরেন, যেখানে তিনি জানান সিনেমাটি নকল নয়। অথচ সিনেমার গল্পের প্লটের কিছুটা ভিন্নতা থাকলেও প্রায় একই ধরনের গল্প, পাশাপাশি ‘পাসওয়ার্ড’ ও ‘দ্য টার্গেট’-এর শটেও রয়েছে বেশ মিল। দুটি সিনেমাই যাঁরা দেখেছেন তাঁদের কাছ থেকে এমনটাই জানা যায়।
সিনেমা মুক্তির আগেও এই অভিযোগ ওঠে। যা মুক্তির পর আলোচনার ঝড় তুলে দেয়। এই সিনেমায় চিত্রনায়ক ইমন থাকলেও ট্রেইলারে ছিলেন না তিনি। এ নিয়ে এক টেলিভিশনে বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন শাকিব খানকে প্রশ্ন করেন এবং একটি সমালোচনা তৈরি হয়। আর এই সমালোচনা যেন পরিচালকের রাগের কারণ। কারণ ইলিয়াস কাঞ্চনকে নিয়ে পরবর্তীতে মালেক আফসারী ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘ইমনকে ট্রেলারে রাখবো না মাথার ওপর রাখবো তা পরিচালকের ব্যাপার।’ মালেক আফসারী এর আগে জায়েদ খান ও পরীমনিকে নিয়ে ‘অন্তর জ্বালা’ সিনেমাটি নির্মাণ করলে সেখানে নানা বিতর্কের মুখে পড়েন এই পরিচালক। ঈদের ছবির ব্যবসার জায়গা থেকে এখন পর্যন্ত ‘পাসওয়ার্ড’ এগিয়ে থাকলেও সিনেমাটি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তাতে পরিচালক ও শাকিব খানের গ্রহণযোগ্যতা কতটুকু ঠিক থাকবে সেটির জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকদিন।
