পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) তিন মাসব্যাপী কারাতে প্রশিক্ষণের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ। সোমবার (৪ সেপ্টেম্বর) রোভার স্কাউট গ্রুপের দশজন সদস্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এই প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
পাবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, পাবনা কারাতে ফেডারেশনের কারিগরি সহায়তায় রোভার স্কাউট গ্রুপের প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় তিনমাস ব্যাপী এই কারাতে প্রশিক্ষণের আয়োজন। তিন মাসব্যাপী এই প্রশিক্ষণে ত্রিশ জন রোভার সদস্যকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। পুরুষ রোভার সদস্যদেরকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে প্রশিক্ষণ করানো হলেও মহিলা রোভার সদস্যদের জন্য শেখ হাসিনা হলে হল প্রশাসনের সহায়তায় সপ্তাহে দুইদিন প্রশিক্ষণ করানো হবে।
এই বিষয়ে পাবিপ্রবি রোভার গ্রুপের সম্পাদক ড. জিন্নাত রেহানা ইত্তেফাককে বলেন, রোভার স্কাউট গ্রুপের কার্যক্রমের মধ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আছে। বিভিন্ন সময়ে আমরা রোভার সদস্যদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ করিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের এই কারাতে প্রশিক্ষণের আয়োজন।
পাবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট ওহিদুল ইসলাম ইত্তেফাককে বলেন, রোভার সদস্যদের নানান সেবামূলক কাজে নিয়োজিত থাকতে হয়। এই কারণে রোভার সদস্যদের শরীর ও মন সব সময় সুস্থ থাকা প্রয়োজন। রোভার সদস্যরা যেন শারীরিক এবং মানসিক ভাবে সব সময় উৎফুল্ল তার জন্য আমরা চেষ্টা করছি। এই তিন মাসের প্রশিক্ষণ গ্রহণ রোভার সদস্যরা তাদের শরীর ও মনকে শক্তিশালী করে তুলতে পারবে বলে আমরা মনে করি।
