রুমিন ফারহানার বক্তব্য বৈপরীত্যে ভরপুর

আপডেট : ১২ জুন ২০১৯, ২১:৫৫

সংসদের বাজেট অধিবেশনের দিনই যোগ দিয়েছিলেন বিএনপির কোটায় সংরক্ষিত নারী আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি ফ্লোর নিয়ে প্রথমেই বলে ওঠেন, ‘একাদশ জাতীয় সংসদ জনগণের ভোটে নির্বাচিত নয়।’ প্রথমেই তার কাছে জানতে ইচ্ছা করে, যদি তাই মনে করেন তাহলে এ সংসদে এসেছেন কেন? আপনি নিজেও তো নির্বাচিত নন এবং নির্বাচন বিষয়ে আপনার অভিজ্ঞতার থলিও শূন্য, কিন্তু যে বিষয় আপনার অভিজ্ঞতা থাকার কথা, তা নিয়েও আপনার বক্তব্য ছিল খুবই বৈপরীত্যপূর্ণ। রুমিন ফারহানা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রসঙ্গে বলেছেন,  ‘গণমানুষের নেত্রী, যিনি জীবনে কোনোদিন কোনো আসন থেকে নির্বাচনে পরাজিত হননি, সেই বেগম জিয়া এখন সংসদে নেই। তাঁকে পরিকল্পিতভাবে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা মামলায় ১৬ মাস আটকে রাখা হয়েছে।’ তার কাছে প্রশ্ন, একজন ব্যারিস্টার হয়ে তিনি কি মনে করেন যে, নির্বাচিত কেউ অপরাধের অভিযোগে বিচারের সম্মুখীন হতে পারেন না, অপরাধের শাস্তি হতে পারে না? আইন সম্পর্কে সাধারণ মানুষের মতো ধারণা বা বক্তব্য একজন ব্যারিস্টারের হয় কী করে? তিনি আমাদের চেয়ে ভালো জানেন যে, আইনী লড়াই কী করে হয়। পেশাগত কারণে যে কোনো আইনজীবী জেনেশুনেও কোনো অপরাধীর পক্ষে দাঁড়াতে পারেন। এটাই বিচার প্রক্রিয়ার নিয়ম; কিন্তু সংসদে দাঁড়িয়ে আইনী প্রক্রিয়া সম্পর্কে ভিন্ন ধারণা দেওয়া কতটা গ্রহণযোগ্য?

মাযহারুল আজাদ, বাসাবো, ঢাকা।