রাণীনগরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে রঙিন মাছ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৫

নওগাঁর রাণীনগরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে অ্যাকোয়ারিয়ামের রঙিন মাছ। বিস্তার লাভ করেছে রেণু পোনা উত্পাদন ও বিপণন। এর মধ্যেই এই বাহারি রঙের মাছ চাষে সফল হয়েছেন সাইদুর রহমান নামের এক মত্স্য হ্যাচারি ব্যবসায়ী। অন্যান্য মাছের চেয়ে রঙিন মাছের পোনা উত্পাদন লাভজনক হওয়ায় তার কাছ থেকে পোনা নিয়ে নিজ নিজ পুকুরে রঙিন মাছ চাষ করছেন অন্যান্য পুকুর মালিকরাও। 

জানা যায়, মাছচাষি সাইদুর রহমান উপজেলার নলামারা খালের স্লুইসগেট এলাকায় ২০ বিঘা জলাবিশিষ্ট একটি পুকুরে প্রাকৃতিকভাবে রঙিন মাছের রেণু পোনা উত্পাদন শুরু করেন। পুকুরেই প্রাকৃতিকভাবে মা-মাছ থেকে রঙিন মাছের রেণু পোনা উত্পাদন হয়। এতে সব খরচ বাদ দিয়ে প্রতি বছর প্রায় ৫ লাখ টাকা আয় করছেন তিনি।

উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা শিল্পী রায় জানান, সাইদুর রহমানের রঙিন মাছের রেণু পোনা উত্পাদনে সাফল্যের বিষয়টি মত্স্য বিভাগ অবহিত রয়েছে। বর্তমানে বাজারে রঙিন মাছ খাওয়াসহ অ্যাকোয়ারিয়ামে প্রদর্শনের জন্য বিশেষ চাহিদার সৃষ্টি হয়েছে। কাজেই মত্স্য বিভাগ এ ক্ষেত্রে বিশেষ উত্সাহ প্রদান করছে। তিনি জানান, ধারাবাহিকতায় অন্য যারা এই মাছ চাষে আগ্রহী তাদের সব রকমের সহযোগিতা দেওয়া হবে।

ইত্তেফাক/এআই