পঞ্চগড় ও মোহনগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে দুই স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ১২ জুন ২০১৯, ২২:০৪

পঞ্চগড় প্রতিনিধি

জেলার বোদা উপজেলায় মঙ্গলবার রাতে বিদ্যুত্স্পৃষ্টে সোহান (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার পাঁচপীর ইউনিয়নের সমলুরহাট চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহান ঐ এলাকার একরামুলের ছেলে এবং পাঁচপীর বৈরাতী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক ডা. শাহরিয়ার জাকি বৈদ্যুতিক তারে জড়িয়ে এক শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নেত্রকোনা প্রতিনিধি জানান, জেলার মোহনগঞ্জ উপজেলার মাঘান মানশ্রী ইউনিয়নের বাখরপুর গ্রামে মঙ্গলবার বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সজীব সরকার (১৮) নামক এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বাখরপুর গ্রামের উত্পল সরকার জানান, সুশীল সরকারের ছেলে সজীব সরকার এইচএসসি পরীক্ষা দেয়ার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিল। মঙ্গলবার বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে পল্লীবিদ্যুতের অবৈধ সংযোগের ছেঁড়া তারে জড়িয়ে স্পৃষ্ট হয়ে সে মারা যায়।