গলফ খেলতে গিয়ে ইঞ্জুরিতে পড়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জনি বেয়ারস্টো। আর তাতেই কপাল খুলে গেলো দীর্ঘদিন ধরে দলের বাইরে থাকা অ্যালেক্স হেলসের। বেয়ারস্টোর বদলি হিসেবে দীর্ঘ তিন বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন হেলস।
অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ড দলে ছিলেন বেয়ারস্টো। ২ সেপ্টেম্বর দল ঘোষনার পর দিনই গলফ খেলতে গিয়ে পায়ের ইঞ্জুরিতে পড়েন বেয়ারস্টো। ইঞ্জুরির কারণে আগামী নভেম্বর পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে বেয়ারস্টোকে। বেয়ারস্টোর জায়গাতেই তিন বছর পর ইংলিশদের হয়ে ডাক পেলেন হেলস।
ইংল্যান্ডের হয়ে ২০১৯ সালের মার্চে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন হেলস।২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে ডোপিংয়ের অভিযোগে ইংল্যান্ড দল থেকে বাদ পড়েন হেলস। অভিযগ ওঠার পর ২০১৯ বিশ্বকাপের দলে ডাক পাওয়া হেলসের দু’টি ডোপ টেস্ট নেয় ইসিবি। পরীক্ষায় হেলসের বিপক্ষে ড্রাগ নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এরপরই ইংল্যান্ডের সব ধরণের ক্রিকেট থেকে বাদ দেয়া হয় হেলসকে।
বিগত কিছুদিনের খারাপ ফর্মের কারণে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে রাখা হয়নি জেসন রয়কে। বেয়ারস্টোর বদলি হিসেবে রয়কেই দলে নেয়া হবে বলে প্রথমে শোনা গিয়েছিলো। তবে তার যায়গায় শেষ পর্যন্ত হেলসের ওপরই আস্থা রাখলো ইসিবি। ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৬০ টি-টোয়েন্টিতে ১টি শতক আর ৮টি অর্ধ-শতকসহ ১৬৪৪ রান করেছেন হেলস।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড স্কোয়াড:
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, অ্যালেক্স হেলস, হ্যারি ব্রুক, ডেভিড মালান, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিচি টপলি, ডেভিড উইলি, মার্ক উড ও ক্রিস ওকস।
রিজার্ভ : লিয়াম ডসন, রিচার্ড গ্লেসন ও টাইমাল মিলস।
