গঙ্গাচড়ায় বন্যায় বালু-পলিতে ঢেকে গেছে আমনখেত

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৬

কয়েক দফা বন্যায় রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার তীরবর্তী এলাকা বালুর স্তরে ঢেকে গেছে। ফলে সেখানে সদ্যরোপণ করা আমন খেতও বালুতে ঢেকে যায়। নষ্ট হয়ে গেছে কয়েক একর জমির ধানগাছ। এতে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। 

জানা যায়, কয়েক দফা বন্যায় উজান থেকে আসা ঢলের সঙ্গে নেমে আসে বালু আর পলি। সেই বালু আর পলি চরাঞ্চলের উঠতি ফসল আমন খেতে জমা হয়ে ধানের চারাগুলো তলিয়ে গেছে। 

কৃষকরা জানান, এসব ধান আর হবে না। গত বছর তারা এখানে আমন লাগিয়েছিলেন। বিঘাপ্রতি ১০ থেকে ১৫ মণ ধান হয়েছিল। 

সরেজমিনে চরাঞ্চলে গিয়ে দেখা যায়, কয়েক দিন আগের সবুজ তরতাজা আমন খেতগুলো বালুর নিচে তলিয়ে গেছে। তিস্তা তীরবর্তী পশ্চিমইচলি ও শংকরদহ এলাকার তাজুল ইসলামের এক একর, মোফার ৫০ শতক,  গুরুর এক একরসহ অনেকের ধানখেত বালুতে ঢেকে গেছে। 

ইউপি সদস্য আব্দুল বাকি বলেন, বাঁধ ভেঙে অনেক ধানখেত বালুতে ঢেকে গেছে। কৃষকের অনেক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ক্ষতি তেমন হয়নি। তবে চরাঞ্চলে ভাঙাগড়া তো একটু হবে।

ইত্তেফাক/এআই