আধুনিক টি-২০ ক্রিকেটে পাওয়ার হিটিং অতীব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পুরুষ দলে পাওয়ার হিটিংয়ের হাহাকার নতুন নয়। একই চ্যালেঞ্জের মুখে আছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলও। সাকিব-লিটনদের মতোই হাল সময়ে টি-২০ খেলছে নিগার সুলতানা জ্যোতির দল। কিন্তু এই স্কিল রপ্ত করা কাউকে পাচ্ছে না নারী দলও।
অধিনায়ক জ্যোতি গতকাল গোটা চারেক ক্রিকেটারের নাম বলেছেন বটে, তবে তার নিজের কণ্ঠও উচ্চকিত নয়। বড় শট খেলার অনুশীলন করেছেন তারা। যা আত্মবিশ্বাস যোগাচ্ছে দলটাকে।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আইসিসি টি-২০ বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে গতকাল বিকালে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী দল। ১৮ সেপ্টেম্বর শুরু হবে আট দলের এই টুর্নামেন্ট। ফাইনালিস্ট দুই দল পাবে আগামী বছর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের টিকিট। বিশ্বকাপে খেলবে ১০টি দল। যার মধ্যে ৮টি দল চূড়ান্ত হয়ে গেছে। আবুধাবির বাছাই পর্ব থেকে দুটি যাবে মূল আসরে।
বাছাই পর্ব খেলতে নামার আগে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবুধাবিতে কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগ্রেসরা। গতকাল মিরপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক জ্যোতি জানিয়েছেন, বিশ্বকাপে উন্নীত হওয়াই প্রথম টার্গেট। বাছাই পর্বের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
পাওয়ার হিটিংয়ের জন্য কয়েক জনকে পাওয়ার কথা জানিয়ে বাংলাদেশের অধিনায়ক গতকাল বলেছেন, ‘বড় শট যারা খেলে, এমন কিন্তু তিন-চার জন ক্রিকেটার আমরা পেয়েছি। বিশেষ করে যদি নাম বলি সুবহানা (মোস্তারি) আছে, রিতু মনি আছে, জাহানারা (আলম) আপুও শেষে গিয়ে খুব ভালো হিট করতে পারে, সঙ্গে যদি মারুফাকে (আক্তার) একাদশে পাই।’
অনেক অনুশীলন করায় ম্যাচের শেষ দিকে পাওয়ার হিটিং দেখা যাবে বলে আশাবাদী জ্যোতি, ‘আমার কাছে মনে হয় না সংগ্রাম করতে হবে ঐ জায়গায়। অনেকে ব্যক্তিগতভাবে ইনডোর ও আউটডোরে অনুশীলন করেছে, যেন আমরা পাওয়ার হিটিংটা করতে পারি।’ টুর্নামেন্টে নিজেদের লক্ষ্য সম্পর্কে জ্যোতি বলেন, ‘এটা আইসিসি টি-২০ বাছাই পর্ব, প্রথম উদ্দেশ্য থাকবে কোয়ালিফাই করা।’
গ্রুপ পর্বে আয়ারল্যান্ডই হবে বাংলাদেশের বড় প্রতিপক্ষ। যদিও আইরিশদের বিরুদ্ধে নিজেদের ফেভারিট ঘোষণা করলেন জ্যোতি, ‘আয়ারল্যান্ড ভালো দল, কিন্তু যদি পরিসংখ্যান দেখেন আমাদের বিপক্ষে জয় খুব কম তাদের। সে জায়গা থেকে আমি বলব আমাদের দল ফেভারিট।’
