পাইকগাছায় হাসপাতাল সড়কের বেহাল দশা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৪

সংস্কারের অভাবে খানাখন্দে বেহাল পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক। ফলে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে হাসপাতালে আসা রোগী, স্বজনসহ জনসাধারণের। 

নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার সদস্য মাসুম বিল্লাহ জানান, সড়কটি সংস্কার করার পাশাপাশি প্রশস্ত করা প্রয়োজন। 

ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম জানান, সড়কের অবস্থা বর্তমানে এতটাই খারাপ যে অনেক সময় বাধ্য হয়ে অনেক পথ ঘুরে বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করে থাকি। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার জানান, হাসপাতালের চিকিত্সক, কর্মকর্তা-কর্মচারীসহ সব ধরনের রোগীকে এ সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার বা উন্নয়ন করা হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষকে একাধিক বার অবহিতও করেছি। 

এলজিইডির উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান জানান, এক কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর স্কিম পাঠিয়েছি, যা অনুমোদনও হয়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম জানান, হাসপাতাল ও মহিলা কলেজের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কটি যাতায়াতের যথাযথ উপযোগী করতে উদ্যোগ নেওয়া হয়েছে। খুব দ্রুত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে উন্নয়ন কাজ শুরু করা সম্ভব হবে বলে জানান তিনি।

ইত্তেফাক/এআই