'মধুচন্দ্রিমা শেষ রাহুল দ্রাবিড়ের'

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১২:১৬

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে ফাইনালে যেতে ব্যর্থ হয় ভারত। তাই অক্টোবরের মাঝামাঝিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপ রাহুল দ্রাবিড়ের জন্য 'অগ্নিপরীক্ষা' বলে মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক নির্বাচক সাবা করিম।  

২০২১ সালে অনেক প্রত্যাশা নিয়ে ভারতের সাবেক কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড়কে ভারতের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু এশিয়া কাপে ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হয় ভারত। 

স্পোর্টস১৮ কে দেওয়া সাক্ষাৎকারে সাবা করিম বলেন, এখন রাহুল দ্রাবিড়ের জন্য সংকটময় সময় যাচ্ছে। এমন কি দ্রাবিড় নিজেও সচেতন যে তার মধুচন্দ্রিমা শেষ এবং সে সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এখনও তিনি সেটা দিতে পারেননি। আসন্ন টি-২০ বিশ্বকাপ ও পরের বছর ওয়ানডে বিশ্বকাপ আছে। আইসিসির এই বড় দুটি ইভেন্টে যদি ভারত চ্যাম্পিয়ন হতে পারে তাহলে দ্রাবিড় সন্তুষ্ট হতে পারবে। 

তিনি আরও বলেন, দ্রাবিড় যথেষ্ট বুদ্ধিমান এবং তার কোচিং ক্যারিয়ার সফল করতে তাকে প্রথমত আইসিসি ইভেন্টগুলো জিততে হবে। আর দ্বিতীয়ত দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় টেস্ট জিততে হবে। আমি টেস্ট জেতা সম্পর্কে কিছু বলবোনা। রাহুল দ্রাবিড় যখন খেলেছেন তখনও ভারত জিতেছে। কিন্তু গুরুত্বপূর্ণ হলো দক্ষিন আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় টেস্ট জেতা। তাহলেই রাহুল দ্রাবিড় ভারতের পারফরম্যান্সে খুশি হবে।

সাবা করিম ভারতের হয়ে ১ টি টেস্ট ও ৩৪ টি ওয়ানডে খেলেছেন। 

ইত্তেফাক/এসআর