বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

আপডেট : ১২ জুন ২০১৯, ২২:১৯

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় বাসের ধাক্কায় মোফাজ্জল হোসেন মীর (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। এ ঘটনায় অটোরিকশার চার যাত্রীও আহত হয়েছেন।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ভোর ৫টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধের তিন রাস্তার মোড়ে দুর্ঘটনাটি ঘটে। ওই সময় ব্রাদার্স পরিবহনের বাস একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক মোফাজ্জল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। বাসটিকে জব্দ করা যায়নি। তবে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে সেটিকে শনাক্ত করার চেষ্টা চালানো হচ্ছে।

এদিকে নিহতের আত্মীয় কামাল মীর সাংবাদিকদের বলেন, একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় দুর্ঘটনাটি ঘটে। দুই বাসের মধ্যে চাপা পড়ে অটোরিকশাটি। এতে চালকসহ অন্তত পাঁচজন আহত হন। আহত অপর চারজনকে হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়। তবে পুলিশের দাবি, দুই বাসের মাঝে চাপা পড়ে নয়, একটি বাসই অটোরিকশাকে ধাক্কা দিলে মোফাজ্জলের মৃত্যু হয়।  তাদের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে।