ফাইনালের আগে লঙ্কানদের বার্তা সাঙ্গাকারার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৭

এশিয়া কাপের ১৫তম আসরের ফাইনালে আজ রবিবার (১১ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা-পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮ টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দল দুইটি। ফাইনালের আগেই শ্রীলঙ্কা ক্রিকেট দলকে আবেগঘন বার্তা দিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটার কুমার সাঙ্গাকারা। 

ফাইনালের আগের দিন এক ভিডিও বার্তায় লঙ্কান ক্রিকেটারদের শুভেচ্ছা ও পরামর্শ দেন তিনি।

শ্রীলঙ্কা ক্রিকেট পেজ থেকে প্রকাশিত সেই ভিডিওতে সাঙ্গাকারা বলেন, 'দাসুন, তোমাকে ও শ্রীলঙ্কা দলকে এই বার্তা পাঠানো আমার জন্য খুব আনন্দের এবং সম্মানের। এশিয়া কাপের ফাইনালে মাঠে নামার আগে তোমাদের জন্য আমার শুভকামনা। আমি তোমাদের খেলায় নজর রাখছি। তোমাদের দল কেবল এই এশিয়া কাপ নয় পুরো মাসজুড়ে যেই ক্রিকেট খেলছো এটা অনুপ্রেরণামূলক। তোমরা মারাত্মকরকম ভালো খেলছো। তোমরা সবাই একেকজন নেতা।' 

তিনি শ্রীলঙ্কা দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'দল যখন খাদের কিনারায় তখনই তোমরা নিজেদের সেরা পারফরম্যান্স দেখাচ্ছো। যা সবাইকে অনেক আনন্দ দিচ্ছে। এর মাধ্যমে তোমার দল শ্রীলঙ্কার সবার ভালোবাসার পাত্র হয়ে উঠছো। সবকিছুর জন্য তাই ধন্যবাদ।'

শ্রীলঙ্কার রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ায় এবারের এশিয়া কাপের আসর দেশটি থেকে সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। তবে, কাগজে কলমে আয়োজক দেশ শ্রীলঙ্কা।

ইত্তেফাক/এসআর