নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কা, প্রাণ গেলো ২ জনের

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ০৩:৩২

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা লেগে চালকসহ দুই জন প্রাণ হারিয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ যাত্রী। সোমবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজের ওপর এ ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও চালকের পরিচয় পাওয়া যায়নি। নিহত যাত্রী পান্না খাতুন (৪৮)। তিনি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, ১১ জন যাত্রী নিয়ে উত্তরবঙ্গ থেকে একটি মাইক্রোবাস ঢাকার দিকে যাচ্ছিলো। মাইক্রোবাসটি ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে অপর একটি বাসের পিছে ধাক্কা দেয় এবং পরে ব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলে প্রাণ হারান। আহত হয় ১১ জন যাত্রী। তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে পান্না নামে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ইত্তেফাক/জেডএইচডি