মণ্ডপে ঘুরতে যাওয়ার প্রস্তুতি

আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১৫:০১

পুজোর সময় বাইরে বের হওয়ার সময় ব্যাগে টুকটাক কিছু জিনিস নিতেই হবে। অনেকই তার ব্যাগে মেকআপের কিছু রসদ নিয়ে যান। কিন্তু ভুলবশত অনেকেই প্রয়োজনীয় অনেক জিনিস ফেলে যান। বিশেষত পূজোর মণ্ডপে ঘুরতে গেলে এসব নিয়ে বের হওয়া খুবই প্রয়োজন। কি সেই জিনিস? চলুন জেনে নেওয়া যাক।

স্যানিটাইজার

পূজোর মণ্ডপে যাওয়া মানেই পথে হুটহাট খাওয়া-দাওয়া। তাছাড়া এই পূজোর সময়ে হুটহাট বৃষ্টিতে জীবাণুদের বিচরণ একটু বেশিই। তাই পরিচ্ছন্নতার দিকে বাড়তি মনোযোগ প্রয়োজন। ব্যাগে সবসময় টিস্যু এবং স্যানিটাইজার রাখবেন। বিশেষত মণ্ডপের ভীরে এমন সতর্কতা জরুরি।

ওষুধ

পূজোর মণ্ডপ মানেই ভিড়, শব্দ এবং গরম। অনেকক্ষণ মণ্ডপে থাকলে হঠাৎ মাথা ঘুরে যেতে পারে। পূজোর শব্দে অনেকেরই মাথা ধরা কিংবা বমি বমি ভাবের মতো সমস্যা হয়। তাতে পূজোই মাটি। তাই ব্যাগে ওষুধ রাখবেন।

ব্যান্ড এড

পূজোতে নতুন জুতো পরেই তো মণ্ডপে যাবেন। সেক্ষেত্রে পায়ে ফোস্কা পড়তেই পারে। ফোস্কা নিয়ে হাটা অনেক মুশকিল। এমন সময়ে ব্যান্ড এড রাখবেন।

পানির বোতল

মণ্ডপে ঠাকুর দেখতে গেলে গরমে পানির তৃষ্ণা পায়। অনেকেই কোক-ফান্টা দিয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা করেন। কিন্তু ঠাণ্ডা পানীয় আপনার তৃষ্ণা মেটাতে পারে না। উলটো ডিহাইড্রেশন হয়। তাই ব্যাগে একটি পানির বোতল রাখতেই হবে।

ছাতা

পূজোর সময় হুটহাট বৃষ্টি মানেই জামা-কাপড় ভিজে যাওয়া, মেকআপ উঠে যাওয়া এবং ঠাণ্ডা-সর্দির ভয়। তাই ব্যাগে ছাতা রাখবেন। অন্তত সাজগোজ নষ্টের ভয় তো থাকছে না।

পাওয়ার ব্যাংক

মণ্ডপে ঠাকুর দেখতে দেখতে ছবি তোলা আমাদের সবচেয়ে পছন্দের কাজ। কিন্তু সারাদিন বাইরে থাকায় মোবাইল চার্জ দেওয়ার সুযোগ বেশ কম। তাই সঙ্গে পাওয়ার ব্যাংক রাখবেন। এভাবে অন্তত আপনার ফোন সুইচ অফ হয়ে ছবি তোলার আনন্দ বিগড়াতে পারবে না।

ইত্তেফাক/আরএম