ইউরোপকে শক্তিশালী করতে ম্যাক্রোর নতুন উদ্যোগ

আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৪:২০

একটি স্বাধীন শক্তির ইউরোপ গঠনের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একটি নতুন উদ্যোগ নিয়েছেন। ৪৪টি দেশ নিয়ে একটি শক্তিশালী ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায় গঠন করতে চান তিনি। প্রথমবারের মতো বৃহস্পতিবার (৬ অক্টোবর) প্রাগে এর সভা অনুষ্ঠিত হবে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ম্যাক্রো বিশ্বাস করেন ইউক্রেনের যুদ্ধ দীর্ঘ হবে। তাই তিনি শক্তি সঙ্কট মোকাবেলায় ইউরোপকে ঐক্যবদ্ধ রাখতে দৃঢ়প্রতিজ্ঞা করেছেন। চলতি বছরের মে মাসে এই ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের কথা উল্লেখ করেছিলেন তিনি। এ সভায় কি কি নিয়ে আলোচনা হবে তা এখনও স্পষ্ট নয়। তবে চেক ইউরোপীয়ান ইউনিয়ন বিষয়ক মন্ত্রী মিকুলাস বেক জানান, ইউরোপ আসলে কোথায় শেষ হবে সে বিষয়ে তাদের বিতর্ক হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, ২৭টি দেশের ইউরোপীয় ইউনিয়নের চেয়ে বড়, নতুন সংস্থাটিতে ইউক্রেন এবং মলদোভার মতো দেশগুলো অন্তর্ভুক্ত রয়েছে। রাশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও এ সভায় আমন্ত্রণ জানানো হয়নি।

তুরস্ক, আইসল্যান্ড, জর্জিয়া ও আর্মেনিয়ার মতো ইসরাইল এই সভায় অংশ নেবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাসও যোগ দেবেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি কিয়েভ থেকে প্রদত্ত বক্তৃতার মাধ্যমে বৈঠকের সূচনা করবেন। তিনি এখানে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নে দ্রুত সদস্যপদ পাওয়ার জন্য কঠোর চাপ দেবেন বলে আশা করা হচ্ছে।

ইত্তেফাক/ডিএস/এআই