পাবলিক বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহে ডিপ্লোমাধারীদের উচ্চশিক্ষা

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ০৪:০৫

বর্তমানে দেশে প্রকৌশলী ও প্রযুক্তি খাতে ডিগ্রি স্তরে সাধারণ শাখার শিক্ষার্থীদের শিক্ষা প্রদানের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি ও কৃষি অনুষদে বিসিএমসি কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, রাজশাহী ইঞ্জিনিয়ারিং সাইন্স অ্যান্ড টেকনোলজি কলেজ, টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ, সাউথ ইস্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, ইউনাইটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজ, গ্লোবাল ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি, ইপসিলন ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা ইঞ্জিনিয়ারিং কলেজ, অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং কলেজ, ইম্পেরিয়াল কলেজ অব ইঞ্জিনিয়ারিং, আবুল হোসেন কলেজ অব ইঞ্জিনিয়ারিং, আশ্রাই ইঞ্জিনিয়ারিং কলেজ, কেএসএফএল ইঞ্জিনিয়ারিং কলেজ, তমালতলা এগ্রিকালচার অ্যান্ড টেকনিক্যাল কলেজ, ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যাপ্লাইড সাইন্স অ্যান্ড টেকনোলজি, হেনরী ইন্সটিটিউট অব বায়োসাইন্স অ্যান্ড টেকনোলজি, আনোয়ারা কলেজ অব বায়োসাইন্স, রাজশাহী ইন্সটিটিউট অব বায়োসাইন্স, প্রকৌশল ও প্রযুক্তি বিভাগে ডিগ্রিস্তরে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিনিউকেশন ইঞ্জিনিয়ারিং, ন্যাচারাল সাইন্স অ্যান্ড হিউমেনেটিস বিষয় চালু রয়েছে। এছাড়া কৃষি বিভাগে ডিগ্রি স্তরে চালু আছে মাইক্রোবায়োলজি, ফুড অ্যান্ড নিউট্রিশনাল সাইন্স, ফিসারিজ, এগ্রিকালচার বিষয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ, ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসোর্স, কে এম হুমাউন কবির ইঞ্জিনিয়ারিং কলেজ অধিভুক্ত রয়েছে। এসব প্রতিষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয় পাঠদানের অনুমতি রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে নিউক্যাসেল ইউনিভার্সিটি কলেজে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, চিটাগাং ইন্সটিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি ও চিটাগাং ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কোর্স চালু আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানসমূহে সাধারণ শাখায় এইচএসসি পাশ করা শিক্ষার্থীদের জন্য ৪ বছর মেয়াদি  স্নাতক কোর্স পরিচালনা করে থাকে।

অন্যদিকে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিএসসি-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স সাধারণত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৩ বছর মেয়াদি হয়ে থাকে। কিন্তু উল্লিখিত বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ৪ বছর মেয়াদি কোর্স চালুর ফলে ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে অতিরিক্ত ২ বছর নষ্ট হয়ে যায়। কারিগরি ডিপ্লোমাধারীদের উচ্চশিক্ষার পথ সুগম করার জন্য উল্লিখিত বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ক্রেডিট সমন্বয়ের মাধ্যমে ৩ বছর মেয়াদি শিক্ষাক্রম চালু করা প্রয়োজন। এছাড়া কারিগরি ডিপ্লোমাধারীরা পড়াশোনার পাশাপাশি চাকরিজীবনে প্রবেশ করতে পারে এজন্য সকল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে নৈশ কোর্স চালু করা প্রয়োজন। উল্লেখ্য, দেশের প্রায় সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কারিগরি ডিপ্লোমাধারীদের উচ্চশিক্ষার জন্য ৩ বছর মেয়াদি ডিগ্রি কোর্স চালু রয়েছে, সাপ্তাহিক ছুটির দিন অথবা নৈশ শাখায় পরিচালিত যা ব্যয়বহুল। বিশ্ববিদ্যালয়সমূহের অধিভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানে সাধারণ শাখার শিক্ষার্থীদের ৪ বছর মেয়াদি কোর্সের পাশাপাশি কারিগরি ডিপ্লোমাধারীদের জন্য ৩ বছর মেয়াদি নৈশ কোর্স চালু হলে কারিগরি ডিপ্লোমাধারীরা উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবে।

ইত্তেফাক/এএইচপি