ইমরান খানের গৃহবন্দী হওয়ার আশঙ্কা

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১২:১৮

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান লংমার্চের ডাক দিতে পারেন। ইমরান ইসলামাবাদ অভিমুখে লংমার্চের ডাক দিলে তাঁকে গৃহবন্দী করতে পুলিশকে প্রস্তুত রেখেছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। এজন্য একটি পরিকল্পনাও করে রেখেছে সরকার। পিটিআই প্রধানকে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আটক করা হতে পারে বলে জানা গেছে। খবর ডনের।

প্রতিবেদনে বলা হয়, ইমরান খান তার দলের নেতাদের চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় থাকতে বলেছেন। বর্তমান জোট সরকারের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারের পতনের লক্ষ্যে তিনি লংমার্চের ঘোষণা দেবেন বলে আগে থেকেই হুমকি দিয়ে আসছেন। কিছু এলাকায় পিটিআই সমর্থকরা সত্যিকারের স্বাধীনতা অর্জনের জন্য লংমার্চ করতে সব ধরনের আত্মত্যাগের প্রতিশ্রুতি দিয়েছেন।

পাকিস্তান সরকার এই লংমার্চ ঠেকাতে ‘প্ল্যান-বি’ বা আলাদা পরিকল্পনাও করে রেখেছে। সে পরিকল্পনা অনুযায়ী, ইসলামাবাদে ঢোকার আগে তাকে গ্রেফতার করা হতে পারে। পাকিস্তানি গণমাধ্যমগুলো জানিয়েছে, বিদেশি তহবিল মামলায় পিটিআই চেয়ারম্যানকে যেকোনো সময় গ্রেফতার করা হতে পারে।

ইত্তেফাক/এআই