চাটখিলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১৪:৩০

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোয়াখালীর চাটখিলে ৫৬ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ২৩২ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ধর্মীয় চেতনা ও মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে রোববার (৯ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পৃষ্ঠপোষকতা করে একটিভ ফাউন্ডেশন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা পরিষদ ও একটিভ ফাইন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার মেয়র মো. নিজাম উদ্দিন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজী শাহিন।

আরও বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেস ক্লাবের সহ-সভাপতি মনিরুজ্জামান চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া প্রমুখ। সভা পরিচালনা করেন চাটখিল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও একটিভ ফাউন্ডেশনের সমন্বয়ক ফারুক সিদ্দিকী ফরহাদ।

ইত্তেফাক/এসকে/এআই