সিংড়ায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১২:৪৮

নাটোরের সিংড়ায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আফতাব উদ্দিন ওরফে আত্তা ও রুহুল আমিন নামের দুই জন নিহত হয়েছেন। এ সময় অন্তত ৫ জন আহত হন।

রোববার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে সুকাশ ইউনিয়নের বামিহাল গ্রামে সংঘর্ষের সময় একজন এবং আজ ভোরের দিকে অপরজনের মৃত্যু হয়।

নিহত আফতাব উদ্দিন ওরফে আত্তা ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং অপরজন বামিহাল দোশোপাড়ার মৃত শাজাহান আলীর ছেলে রুহুল আমিন (৪৮)।

জানা যায়, দীর্ঘদিন ধরেই উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল গ্রামে আফতাব গ্রুপ ও কুদ্দুস গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিলো। এ নিয়ে গত রাতে সংঘর্ষ হয়। পরে রাতেই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম ও গুরুতর আহত আরও ৩ জনকে রাজশাহী মেডিকেলে নেয়া হয়। আহত অন্যরা হলেন, মাসুদ, রুহুল ও মুসা।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। পরিবেশ স্বাভাবিক রাখতে এলাকার পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইত্তেফাক/এসকে/এআই