বেনফিকার বিপক্ষেও নেই মেসি

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৬:৩৮

কাফ ইঞ্জুরির কারণে লিগ ওয়ানের সর্বশেষ ম্যাচে রেইমসের বিপক্ষে মাঠে নামেননি পিএসজি তারকা মেসি। আজ ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বেনফিকার বিপক্ষেও খেলতে পারছেন না এই আর্জেন্টাইন তারকা।

বেনফিকার সঙ্গে চ্যাম্পিয়নস লিগের আগের ম্যাচেই কাফ ইঞ্জুরিতে পড়েছিলেন মেসি। আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরের ইঞ্জুরি যদিও ততটা গুরুতর নয়। সাবধানতার কারণেই রেইমসের বিপক্ষে ছিলেন না মেসি, আজ বেনফিকার বিপক্ষে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি পিএসজি কোচ ক্রিস্টোফার গ্যালতিয়ের।

মঙ্গলবার দিবাগত রাতে পার্ক দ্যেস প্রিন্সেসে বেনফিকার বিপক্ষে নিয়মিত একাদশের আরও তিন খেলোয়াড়কে পাচ্ছে না পিএসজি। ডিফেন্ডার প্রিসনেল কিম্পেম্বে ও নুনো মেন্ডেস আর মিডফিল্ডার রেনাটো সানচেজ আজ মাঠে নামবেন না। 

মেসি না থাকায় রেইমসের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে বেশ ভুগতে দেখা গেছে  পিএসজিকে। রেইমসের বিপক্ষে শুরু থেকে ছিলেন না নেইমারও। আজকের ম্যাচও মেসি-নেইমার দুজনকেই মাঠে না নামানোর মতো ভুল অবশ্য করবেন না পিএসজি কোচ। তবে এই মৌসুমে পিএসজির জার্সি গায়ে যেমন ফর্মে আছেন মেসি তাকে ছাড়া পিএসজি কেমন করবে ইউরোপের মঞ্চে সেটিও অবশ্য পরখ করে নিতে পারবেন গ্যালতিয়ের।

ইত্তেফাক/এসএস