ভারতের কলকাতার এক শ্মশানে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে একদল ব্যক্তি। কলকাতার নিমতলা শ্মশানে ঘটেছে এই ঘটনা। খবরে বলা হয়েছে, বানের তোড়ে ভেসে যান ছয় যুবক। পরে একজনের দেহ উদ্ধার করা হয়। এতে এখনো নিখোঁজ রয়েছে দুইজন।
রিপোর্ট, বেলেঘাটা থেকে আত্মীয়ের দেহ নিয়ে নিমতলা ঘাট শ্মশানে এসেছিল একটি দল। সেই দলের ছয় সদস্য গঙ্গার বিপজ্জনক ঘাটে গিয়ে সেলফি নিতে যায়। সেসময় গঙ্গার বান আসার কথা ঘোষণা করা হয়। কিন্তু সেলফি তুলতে মগ্ন যুবকরা সেই ঘোষণা হয় শোনেনি বা শুনলেও উপেক্ষা করেছিল। তারা যখন সেলফি তুলছিল, সেই সময় বানের জল এসে তাদের ভাসিয়ে নিয়ে যায়।
ছয়জনের মধ্যে একজন সাঁতরে ঘাটে আসেন। দুইজনকে উদ্ধার করে স্থানীয় মানুষ। কিন্তু তিনজন তলিয়ে যান। পরে উদ্ধারকারী দল এসে সন্তোষ শঙ্কর নামে এক যুবকের দেহ উদ্ধার করে। দীপক যাদব এবং বিকি সিং এখনো নিখোঁজ।
ঘটনা সম্পর্কে যা জানা গেছে
বেলেঘাটা থেকে আসা যুবকরা তাদের পরিজনের দেহ নিয়ে রাত সাড়ে এগারোটা নাগাদ নিমতলা মহাশ্মশানে পৌঁছান। তারপর ছয় যুবক গঙ্গার ঘাটে সেলফি তুলছিল। তাদের বয়স ২৮ থেকে ৩২-এর মধ্যে।
সেখানে হুট করে বান আসার আগে ঘোষণা হয়। সোমবার রাতেও হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তারা সেলফি তুলতে থাকেন। তখনই বানের পানি এসে তাদের ভাসিয়ে নিয়ে যায়। স্থানীয় মানুষরা বলছেন, যুবকরা ঘাটের বিপজ্জনক অংশে ছিলেন। তারা বানের ঘোষণা আমল দেননি।
